১৪০০ পরিবারকে নৌবাহিনীর সহায়তা

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০০:৩৬

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সমুদ্র ও উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের ১ হাজার ৪০০-এর বেশি অসহায় জেলে ও দরিদ্র পরিবারকে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল শনিবার চট্টগ্রাম, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী ও খুলনার বিভিন্ন এলাকায় এ সহায়তা প্রদান করা হয়। সহায়তার মধ্যে রয়েছে খাদ্য, ইফতারসামগ্রী বিতরণ এবং নগদ অর্থ প্রদান। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম পোর্ট, বন্দর এলাকা ও সেন্টমার্টিনের ৭০০, বাগেরহাটের মোংলার ৪০০ ও পটুয়াখালী জেলার কলাপাড়ার লালুয়া ইউনিয়নের ৩০০ অসহায় জেলে ও দরিদ্র পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। বরিশাল ও পটুয়াখালীর দরিদ্র জেলেদের মধ্যে অনুরূপ সহায়তা করেছে নৌবাহিনী জাহাজ সালাম ও কর্ণফুলী। এছাড়া খুলনার লবণচরা, শিপইয়ার্ড ও হরিণটানা এলাকায় সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতারসামগ্রী প্রদান করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।