পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করতে মানুষের আয় বাড়াতে হবে :কৃষিমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ০০:৩৬

দেশের মানুষের জন্য পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করা বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করে পুষ্টিসম্মত খাবার নিশ্চিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে মত্স্য ও প্রাণিসম্পদ খাত। এ ছাড়াও সার্বিকভাবে মানুষের আয় বাড়াতে হবে। 

কৃষিমন্ত্রী বলেন, দেশে দরিদ্র মানুষের সংখ্যা ১২ শতাংশে এবং অতিদরিদ্র ৫ শতাংশে নামিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন,  ‘দেশে এখনো ২৮ শতাংশ লোকের একটি কুঁড়েঘর ছাড়া কোনো জমি নেই। আর ৫৬ শতাংশ লোক ভূমিহীন। এ অবস্থায় আমরা বিভিন্ন প্রচলিত ও অপ্রচলিত ফসল চাষের কথা বলছি। কিন্তু যার জমি নাই, সে কীভাবে করবে। তাদের দারিদ্র্য কীভাবে কমবে।’ গতকাল শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। ‘ভেটেরিনিয়ান রেসপনস টু দ্যা কোভিড-১৯ ক্রাইসিস’ শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারী।  অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন বাকৃবি এলামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা,  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য  অধ্যাপক ড. মোঃ শহীদুর রহমান খান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. শেখ আজিজুর রহমান প্রমুখ।