ফুটবল বিশ্বে হঠাৎ করেই তোলপাড় করে দেওয়া ইউরোপীয়ান সুপার লিগ আয়োজনের ঘোষণার মাত্র এক সপ্তাহের মধ্যেই যেন মুখ থুবড়ে পরার উপক্রম নতুন এই টুর্নামেন্টটি। ইতিমধ্যে ১২টির মধ্যে ৯টি দলই নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তবে সুপার লিগের অন্যতম উদ্যোক্তা ও রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, ১২টি ক্লাবের সঙ্গে বাধ্যতামূলক চুক্তি রয়েছে এবং তারা কোনোভাবেই নাম প্রত্যাহার করতে পারে না। শনিবার (২৪ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ঘোষণার সঙ্গে সঙ্গেই বিশ্বব্যাপী ব্যাপক আলোরনের সৃষ্টি হয়। এরপরই গত মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাবসহ মোট ৯টি দল নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনো নাম সরিয়ে নেয়নি। যদিও প্রকল্পটি আর অগ্রসর হতে পারে না বলে স্বীকার করেছে জুভেন্টাস।
এস নিউজপেপারকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, বাধ্যতামূলক চুক্তি কী তা বোঝানোর দরকার আছে বলে প্রয়োজন মনে করি না। তবে ক্লাবগুলো কোনোভাবেই নাম প্রত্যাহার করতে পারে না। অবশ্য কিছু ক্লাব চাপে পরেই নাম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এই প্রকল্প সামনে এগিয়ে যাবে এবং আশা করি তা খুব শিগগিরই।
যে নয়টি ক্লাব টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার নিয়েছে সেগুলো হলো আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, অ্যাটলেটিকো মাদ্রিদ, এসি মিলান এবং ইন্টার মিলান।
প্রসঙ্গত, সুপার লিগের মূল লক্ষ্যই হচ্ছে অর্থ ভান্ডার মোটাতাজা করা। টুর্নামেন্টে অংশগ্রহণ করলেই সাড়ে তিন বিলিয়ন ডলার করে পাবে প্রতিটি ক্লাব। বাংলাদেশি টাকায় যা ৩৫ হাজার ৭০০ কোটি টাকা। এটা গেল অংশগ্রহণ ফি। গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে উঠতে পারলে টাকার অঙ্ক আরো বেড়ে যাবে। চ্যাম্পিয়ন হলে ৪০০ মিলিয়ন ইউরো পাবে। এখন চ্যাম্পিয়নস লিগ দেয় মাত্র ১২০ মিলিয়ন ইউরো।
ইত্তেফাক/টিএ
