মাধব রায়, সহকারী অধ্যাপক
ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট
গতকালের পর
কণিকা বলল-তুমি এখন না বললে প্রত্যেকটি দোলনের জন্য সমান সময় লাগবে?
হ্যাঁ, লাগবে। যদি তুই দৈর্ঘ্য না বাড়তে দিস, তাহলে সমান সময় লাগবে। দৈর্ঘ্য বাড়িয়ে দিলে সময়ও বেড়ে যাবে, তবে একই দৈর্ঘ্যের জন্য একই সময় লাগবে।
কণিকা মাথা নাড়ল, বুঝেছে। নীলকান্তবাবু আরও বললেন-গ্যালিলিওর পরীক্ষায় আরও দেখা গেল, অভিকর্ষজ ত্বরণ যেখানে কম দোলনকাল সেখানে বেশি।
অভিকর্ষজ ত্বরণ কম কোথায়? বিন্দু প্রশ্ন করল।
রেখা এসব শুনছে না। ওর মন দোল খাওয়াতেই। নীলকান্তবাবু ওর পিঠে আস্তে আস্তে ধাক্কা দিচ্ছেন, রেখা মজা পাচ্ছে, আর সবাই গল্প শুনছে। পাহাড়ের উপরে, অথবা খনিতে, বললেন নীলকান্তবাবু। সেখানে অভিকর্ষজ ত্বরণ কম, আর দোলনকাল বেশি।
আকাশ বলল-তাহলে তো অভিকর্ষজ ত্বরণ দোলনকালের ব্যাস্তানুপাতিক।
নীলকান্তবাবু একটু সংশোধন করে দিলেন-ঠিক সরল ব্যাস্তানুপাতিক নয়, বর্গমূলের ব্যাস্তানুপাতিক। গ্যালিলিও সবচেয়ে মজার যে পরীক্ষাটি করলেন, তা হলো তিনি একই জায়গায় দৈর্ঘ্য ঠিক রেখে বিভিন্ন পদার্থের তৈরি দোলক নিয়ে পরীক্ষা করে দেখলেন সবসময় দোলনকাল একই থাকছে।
এটা কীভাবে সম্ভব! আকাশ অবাক হয়ে বলল-মাটি দিয়ে, লোহা দিয়ে, কাগজ দিয়ে যে কোনও পদার্থ দিয়ে দোলক বানিয়ে দিলে একই সময় দেবে?
হ্যাঁ, বললেন নীলকান্তবাবু। দৈর্ঘ্য যদি একই থাকে, তবে যে কোনও পদার্থের যতবড় ইচ্ছা দোলক বানিয়ে দেখা যাবে একই সময় নিচ্ছে।
সবাই অবাক হচ্ছে। নীলকান্তবাবু বললেন-এই পরীক্ষা-নিরীক্ষায় চারটি সূত্র আবিষকৃত হলো।
প্রথম সূত্রটি হলো সমকালসূত্র। দোলকের দৈর্ঘ্য এবং স্থান একই থাকলে প্রতিটি দোলকের জন্য সমান সময় লাগবে। দ্বিতীয় সূত্র হলো দৈর্ঘ্যের সূত্র। দোলকের স্থান স্থির থাকলে দোলনকাল দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তৃতীয় সূত্র হলো অভিকর্ষজ ত্বরণের সূত্র, দৈর্ঘ্য একই থাকলে দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যাস্তানুপাতিক। চতুর্থটি ভরের সূত্রে। দৈর্ঘ্য এবং স্থান স্থির থাকলে দোলনকাল দোলকের ভরের ওপর নির্ভর করে না। তবে প্রত্যেকটি সূত্রের জন্য প্রথম শর্ত হচ্ছে কৌণিক বিস্তার ৪ ডিগ্রি থেকে বেশি হতে পারবে না।
আকাশ আরও একটু বুঝতে চায়। সে বলল-আচ্ছা মামা, ধরো আমি একটা ছোট মার্বেল আর একটা বড় বল একই দৈর্ঘ্যের সূতা দিয়ে ঝুলিয়ে দিলাম। তাহলে দুটোই একই সময়ে দোলবে?
একই সময়ে দোলবে। বললেন নীলকান্তবাবু। তবে সূতা সমান হলে চলবে না। সূতা ও গোলক মিলিয়ে দৈর্ঘ্য সমান হতে হবে।
মানে?
ধর সূতা 100 সেন্টিমিটার লম্বা, মার্বেল এর ব্যাসার্ধ 1 সেন্টিমিটার তাহলে মোট কত হলো?101 সেন্টিমিটার বলল বিন্দু। সেও বোঝার চেষ্টা করছে।
