একাধিক তারকা নিয়ে মাসুদ সেজানের ঈদ নাটক

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২০:৪৭

 বিনোদন প্রতিবেদক

 

আসন্ন ঈদকে কেন্দ্র করে কয়েক মাস আগে থেকেই ব্যস্ত হয়ে পড়েন শোবিজ অঙ্গনের সবাই। কিন্তু গতবছর থেকে সেই ধারাবাহিকতায় অনেকটাই ছন্দপতন হয়েছে। তবে এবার মাঝে কিছুদিন টানা শুটিং করে ঈদের বেশ কিছু কাজ শেষ করেছেন তারকা-নির্মাতারা। আবার অনেকেই ঝুঁকি নিয়ে এখনো কাজ করছেন। সেই তালিকায় বরাবরই এগিয়ে থাকেন নির্মাতা মাসুদ সেজান। তার নাটক মানেরই তারকা নির্ভর মানসম্পন্ন নাটক! এবারের ঈদের জন্যও তিনি একাধিক শীর্ষ তারকাকে নিয়ে নির্মাণ করেছেন বেশ কয়েকটি ধারাবাহিক ও একক নাটক। মাসুদ সেজান বলেন, ‘করোনার কারণে তো সেভাবে কাজ করতে পারছি না। তবে হটাত্ বাদশা নামের একটি ধারাবাহিকসহ ৪টি কাজ আসছে এবারের ঈদে।’ গতবারের মতো এবারের ঈদের কাজে করোনার প্রভাব কতটা পড়বে?—এমন প্রশ্নে মাসুদ সেজান আরো বলেন, ‘করোনার প্রভাব পড়বে, কিন্তু গত ঈদের চেয়ে এবার কাজ বেশি থাকবে। কারণ করোনার দ্বিতীয় ঢেউ আসার আগে থেকেই অনেকে কাজ শুরু করেছিলেন। তবে আমার মতো যারা ঈদের আগে এসে কাজ করেন তাদের কাজ কম আসবে। এছাড়া টিভি চ্যালেনগুলো নিজেদের মতো করে তাদের অনুষ্ঠান সাজাচ্ছে। তাতে আমার মনে হচ্ছে এই সংকটের মাঝেও অনেকটা আনন্দময় হবে এবারের ঈদ।’ বর্তমানে অনেক নির্মাতা-প্রযোজকই নিজেস্ব ঘরানার শিল্পী ছাড়া কাজ করেন না। মাসুদ সেজানও এর ব্যতিক্রম নন। তবে তার নাটকে পছন্দের শিল্পী থাকলেও নতুন শিল্পীদের আধিক্য সবসময়ই থাকে। এবারের নাটকেও তিনি চঞ্চল চৌধুরী, ভাবনা ও শবনম ফারিয়াকে নিয়ে কাজ করলেও একাধিক নতুন মুখ তার নাটকে থাকছেন। তিনি বলেন, ‘আমি আমার পছন্দের শিল্পী ছাড়া কখেনোই কাজ করি না। যারা আমাকে বোঝেন তাদের নিয়েই কাজ করি। এবারো চঞ্চল, শবনম ফারিয়া, ভাবনাকে নিয়ে নাটক নির্মাণ করেছি। তবে নতুনদেরও আমি সবসময় সুযোগ দিয়ে থাকি।’

এদিকে করোনায় ঘরবন্দি সময়ে অনেকেই ভিন্ন মাধ্যমে বিনোদনের রসদ খুঁজছেন। মানুষ এখন অনেকটাই ওটিটি মাধ্যম নির্ভর হয়ে পড়ছে। নির্মাতা-তারকারাও সেই চাহিদার কথা মাথায় রেখে ওয়েব সিরিজ নির্মাণের দিকে ঝুঁকছেন। মাসুদ সেজানও এবারের ঈদের জন্য একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন।