ধামইরহাট পৌরসভার কার্যক্রম চলছে ইউপি ভবনে!

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২১:৫৭

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

নিজস্ব ভবন না থাকায় ৪ নম্বর উমার ইউনিয়ন পরিষদ ভবন ও পরিত্যক্ত ভবনে চলছে ধামইরহাট পৌরসভার কার্যক্রম।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৫ জুলাই ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় ধামইরহাট পৌরসভা। সেখানে দীর্ঘ ১৮ মাস জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান চপল চৌধুরী। পরে ২০০৬ সালের ৩০ মে নির্বাচন হলে বিএনপি প্রার্থী মাহবুবুর রহমানকে পরাজিত করে আওয়ামী লীগ প্রার্থী মো. আমিনুর রহমান মেয়র নির্বাচিত হন। ২০১১ সালে পৌরসভাটি ‘খ’ শ্রেণিতে উন্নীত করা হয়। পরে মামলা জটিলতায় প্রায় ১০ বছর বন্ধ ছিল পৌর নির্বাচন। ২০২১ সালের ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে পুনরায় আওয়ামী লীগ প্রার্থী মো. আমিনুর রহমান দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন। সব মিলিয়ে প্রায় ১৭ বছর পেরিয়ে গেলেও জায়গা সংকটে কোনো নিজস্ব ভবন হয়নি এ পৌরসভায়।

পৌর মেয়র আমিনুর রহমান জানান, নিজস্ব কোনো জায়গা না থাকায় বর্তমানে ইউনিয়ন পরিষদ ভবনে পৌরসভার কাজ চলছে। নতুন জায়গা কেনার বিষয়ে আলাপ চলছে। আশা করছি খুব দ্রুত জায়গা পেলে পৌরভবন নির্মাণ করা হবে।