মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদনে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীর মায়ের মামলায় আসামি জরিনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাওয়ার গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর দেওয়ানপাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী। রবিবার গ্রেফতারকৃত নারীকে নেত্রকোনা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে। গত ২৩ এপ্রিল অভিযুক্ত আজিজুল ও তার স্ত্রী জরিনার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন ঐ কিশোরীর মা। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুল ইসলাম বলেন, ধর্ষণের সহযোগী অভিযুক্তের স্ত্রী আসামি জরিনাকে পুলিশ গ্রেফতার করেছে। ধর্ষক আজিজুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
