ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে পৃথক সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। শনিবার সন্ধ্যার পর উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে সংঘর্ষের ঘটনায় ১৬ জন লোক আহত হয়। শিশুদের বাইসাইকেল চালানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামে সংঘর্ষে নারীসহ অন্তত ৩৫ জন লোক আহত হয়েছে। শনিবার রাত ১০টা থেকে ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষ চলতে থাকে। নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
