মেহেন্দিগঞ্জে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:০৩

বরিশাল অফিস

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক এলাকায় নারীঘটিত বিষয় নিয়ে বিরোধের জের ধরে হাসিব মামুন (২৪) নামে এক যুবককে রাতের আঁধারে অপহরণ করে নির্যাতনের পর ডাকাত আখ্যায়িত করে পুলিশের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহত মামুনকে উন্নত চিকিত্সার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত মামুন জানান, প্রায় দেড় মাস আগে সৌদি প্রবাসী চাচাতো ভাই নিপুর স্ত্রী বুশরা ইমা নিপু তার স্বামীকে ডিভোর্স দিয়ে তাকে (মামুন) বিয়ে করেন। পরে তারা ঢাকায় বসবাস শুরু করেন। গত শনিবার রাত ১০টার দিকে ঢাকা থেকে হিজলার পত্তনীভাঙ্গা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন তারা। এ সময় বুশরার সাবেক দেবর দিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী মামুনকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করে আন্দারমানিক গ্রামে নিয়ে যায়। সেখানে নিয়ে হাত-পা ও চোখ বেঁধে মামুনকে ব্যাপক নির্যাতন করে। কাজীরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, মামুনের বিরুদ্ধে তার ভাইয়ের স্ত্রী নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।