ফুলতলায় ভূগর্ভস্থ পানি না তোলার দাবিতে খুলনার ডিসিকে স্মারকলিপি

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:০৩

খুলনা অফিস

ফুলতলা উপজেলা থেকে ভূগর্ভস্থ পানি উত্তোলন না করার দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে ফুলতলা উপজেলা পানি ও পরিবেশ রক্ষা কমিটি। রবিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নিকট এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, কৃষিকাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন ২০১৮ ও ১৯৮৩ সালের আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে ওয়াসা কর্তৃক খুলনা নগরবাসীকে সুপেয় পানি সরবরাহ করার জন্য ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে ২৫টি বুস্টার পাম্প স্থাপনের মাধ্যমে প্রতিদিন কমপক্ষে ১ কোটি লিটার পানি উত্তোলন শুরু করেছে। ফুলতলা থেকে উল্লিখিত পানি উত্তোলন করা হলে উক্ত এলাকার পানির স্তর নিচে নেমে যাবে এবং অগভীর নলকূপ থেকে পানি পাওয়া যাবে না। ফলে ক্ষতিগ্রস্ত হবে ফুলতলাসহ উক্ত অঞ্চলের নার্সারি, মত্স্য খামার, চিংড়ি ঘের, ধানসহ বিভিন্ন ফসলের আবাদ। স্মারকলিপিতে ওয়াসা কর্তৃক ফুলতলার ভূগর্ভস্থ পানি নেওয়া বন্ধ না হলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেন ফুলতলা উপজেলা পানি ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, পানি ও পরিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক আনসার আলী মোল্লা, পানি কমিটির সদস্য সচিব সরদার শাহাবুদ্দিন জিপ্পী, আওয়ামী লীগ নেতা আসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।