স্পোর্টস রিপোর্টার
মালদ্বীপের ঈগলস এফসির বিপক্ষে আবাহনীর প্লেঅফ-১ এএফসি ম্যাচ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আবাহনী কোথায় খেলতে চায় তা নির্ধারণ করতে হবে আবাহনীকে—বলেছে এএফসি। আবাহনীর ম্যাচ নিয়ে অনেক চিঠি চালাচালি হয়েছে। এখন এএফসি খুবই বিরক্ত।
লকডাউনের কারণে ঢাকায় গত ১৪ এপ্রিল আবাহনীর ম্যাচটি হয়নি। ২১ এপ্রিল অন্য কোথায় হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। শেষ পর্যন্ত আবাহনী চেয়েছিল মালদ্বীপে গ্রুপ পর্বের খেলার আগে প্লেঅফ ম্যাচ খেলা যায়। কিংবা ভারতে ব্যাঙ্গালুরু এএফসির যে ম্যাচটি রয়েছে সেখানে গিয়েও খেলা যায়। যদি ভারতীয় দল আবাহনীর জন্য ভিসার ব্যবস্থা করতে পারে। এতো সব কথায় এএফসি ক্ষাণিকটা বিরক্ত হয়েছে বলে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈস সোহাগের কথায় মনে হলো। গতকাল রাতে সোহাগ বললেন, ‘এএফসি বলেছে আবাহনী কোথায় খেলতে চায় সেটা আবাহনী নির্ধারণ করুক। একেকবার একেক জায়গার কথা বলা কিংবা নানা ধরনের অপশন দিয়ে লাভ নেই। এএফসির এই ম্যাসেজ আমরা আবাহনীকে জানিয়ে দিয়েছি এবং কালকের (আজ) মধ্যেই জবাব দিতে বলেছি। আবাহনীর জবাব পেলেই আমরা এএফসিকে পাঠিয়ে দেব।’
প্রশ্ন উঠছে মালদ্বীপের ঈগলসের বিপক্ষে প্লেঅফ ম্যাচটা আবাহনী যদি ঢাকায় খেলতে চায় তাহলে কি এটা সম্ভব ? সোহাগ বললেন, ‘আবাহনী চাইলে তো হবে না। আবাহনীকে জানাতে হবে তাদের সিদ্ধান্তের কথা। যেটি বিবেচনা করবে এএফসির কোভিড-১৯ সংক্রান্ত কমিটি। তারা বিভিন্ন দেশের কোভিডের খবর রাখছে। কোথায় বিমান চলছে। কোথায় কোভিডের প্রকোপ আরো বেড়েছে। তারা যদি ক্লিয়ারেন্স দেয় তখন এএফসির মূল বডি সিদ্ধান্ত জানিয়ে দেবে।’
