পিএসএলের নিলামে সাকিব তামিম

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:০৯

   স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ পুনরায় মাঠে গড়াবে ১ জুন। ফাইনাল ম্যাচ হবে ২০ জুন। তার আগে সব দলকে পরিবর্তিত খেলোয়াড় নেওয়ার সুযোগ দিচ্ছে আয়োজকরা। নতুন করে বদলি খেলোয়াড় নেওয়ার সুযোগ পাচ্ছে দলগুলো। আগামী সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে ১৩২ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে হবে এই প্লেয়ার্স ড্রাফট। যেখানে সাকিব আল হাসান এবং তামিম ইকবালসহ আছেন ৫ বাংলাদেশি ক্রিকেটার। সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিব এবং ডায়মন্ডে রয়েছেন তামিম। এই দুজন ছাড়াও নিলামে সিলভার ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন আহমেদ, সাব্বির রহমান, লিটন দাস। প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে থাকছেন এভিন  লুইস, আন্দ্রে রাসেল, মার্টিন গাপটিল। ডায়মন্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে উসমান খাজা, জেমস ফকনার, অ্যাডাম মিলনে, মরনে মরকেল। গোল্ড ক্যাটাগরিতে রয়েছেন নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল,  কেমো পলরা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ মার্চ বন্ধ হওয়ার আগে অনুষ্ঠিত হয় ১৪টি ম্যাচ। বাকি রয়েছে আরো ২০টি ম্যাচ।