ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটাগুলোর মাটির চাহিদা মিটাতে প্রতিনিয়ত টপ সয়েল কেটে ফসলি জমি বিনাশ করা হচ্ছে। এতে সবুজ ফসলের খেত পরিণত হচ্ছে খানাখন্দ আর জলাশয়ে। ফলে ধামরাই জুড়ে পরিবর্তন হচ্ছে ভূমির শ্রেণি। কিছুতেই থামছে না ফসলি জমি বিনষ্টকরণ। ধামরাইয়ের প্রতিটি ইউনিয়নে খোলা মাঠের দিকে তাকালেই চোখে পড়ে ফসলি জমি গ্রাসের ভয়ংকর চিত্র। কাওয়ালীপাড়া-বালিয়া মহাসড়ক ধরে দুনিগ্রাম এলাকায় গিয়ে চোখে পড়ে ফসলি জমির মাটি কাটার মহোত্সবের দৃশ্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে গভীর করে মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। এতে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটিও হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী জানায়, ক্ষমতাসীন দলের স্থানীয় দুই নেতা ফসলি জমির মাটি কেটে তাদের ইটভাটায় নিচ্ছেন।
