বাঁশখালীতে ড. জাফরুল্লাহ

নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:৫৩

চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারায় নির্মাণাধীন কয়লা-বিদ্যুেকন্দ্রে বিক্ষোভের সময় গুলিতে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করা এবং শ্রমিক হতাহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

হতাহতদের পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে গতকাল রবিবার ড. জাফরুল্লাহ বাঁশখালীতে যান। বিকালে চাম্বল শীলকূপ বাংলাবাজার ফাহিস কমিউনিটি সেন্টার ও বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের মাঠে হতাহতদের পরিবারসহ ২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফত, অ্যাডভোকেট হাসনাত কাইউম, গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এভাবে শ্রমিক হত্যা দেশের সচেতন জনগণ মেনে নেবে না। পরে তিনি পূর্ব বড়ঘোনা আহমদ আলী মিয়াজীর বাড়ি এলাকায় নিহত মাহমুদ রেজা মিনহানের বাড়িতে গিয়ে তার শোকসন্তপ্ত পরিবারকে সহানুভূতি জানান এবং তাদের  খাদ্য সহায়তা প্রদান করেন।