জেলার রাঙ্গুনিয়া থেকে এক মাস আগে অপহূত এক ট্রাকচালক আজিজুল হকের লাশ পাহাড়ি এলাকার ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে পোমরা চৌধুরী খিলে পাহাড়ের পাদদেশে একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। ২৫ বছর বয়সি আজিজুলের বাড়ি রাঙ্গুনিয়ার রানীরহাটের ইসলামপুর এলাকায়।
রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী জানান, গত ২৫ মার্চ থেকে তার নিখোঁজ থাকার কথা জানিয়ে থানায় সাধারণ ডায়ারি (জিডি) করেছিল পরিবার। জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ বুঝতে পারে, আজিজুলকে অপহরণ করা হয়েছে। পরে ৬ এপ্রিল ঐ জিডি ‘অপহরণ’ মামলায় রূপান্তর করা হয়। তদন্ত করতে গিয়ে কক্সবাজারের রামু থেকে আজিজুলের মোবাইল ফোন ও ট্রাকটি উদ্ধার করে পুলিশ। সেখান থেকে নাসির নামে একজনসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাক করে গত শনিবার দুপুরে সন্দ্বীপ থেকে গ্রেফতার করা হয় নেজাম উদ্দিন ওরফে নিজামকে। নিজাম জিজ্ঞাসাবাদে জানায়, সেও পেশায় ট্রাকচালক। তার সঙ্গে আজিজুলের বিভিন্ন বিষয়ে বিরোধ ছিল। তাকে হত্যার পরিকল্পনা করেই ২৫ মার্চ রাতে নিজাম তার বাড়িতে বালু নেওয়ার কথা বলে আজিজুলের ট্রাক ভাড়া করে। ট্রাক থেকে বালু নামানোর পর ট্রাকের চাকা খোলার রড দিয়ে মাথার পেছনে আঘাত করে আজিজুলকে হত্যা করে নিজাম। পরে ঘটনাস্থল থেকে অন্তত ২০ কিলোমিটার দূরে পাহাড়ি এলাকায় নিয়ে লাশটি ডোবায় ফেলে দেওয়া হয়।
