প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অনেক আগেই। তারপরও পিছু ছাড়েনি বখাটেদের উৎপাত। রাস্তায় উত্যক্ত, আজেবাজে মন্তব্য নিত্যদিনের ব্যাপার। এবার এক নতুন আবদার, বিয়ে করতে হবে! বখাটেদের এমন আবদার ফিরিয়ে দিলেন তানিয়া। এটাই কাল হলো তার। নেমে এলো বর্বরতা।
সোমবার (২৮ জানুয়ারি) বিকাল চারটার দিকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের দাসবাড়িতে মা, মেয়েকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, দাসবাড়ির হামিদুল হকের মেয়ে তানিয়ে আকতার কাতলাসেন কাদেরিয়া ফাজিল মাদরাসার দ্বিতীয় বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি তানিয়া টিউশনি করতো। সোমবার বিকাল চারটার দিকে টিউশনি শেষ করে বাড়ি ফেরার পথে হীরা মিয়া, শরীফ হোসেন, মিজানসহ কয়েকজন বখাটে পথরোধ করে মেয়েটিকে বাজে মন্তব্য করে। মেয়েটির মা লাইলী বেগম প্রতিবাদ করতে এলে মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বখাটেরা।
আহত তানিয়া আকতার জানান, ‘বখাটে শরিফের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকে তারা নানা ভাবে উত্যক্ত করতো। তাদের বখাটেপনার কারণে তিন মাস ধরে মাদরাসায় যাওয়া বন্ধ রয়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রাজ্জাক জানান, ‘তানিয়া ও তার মাকে মারপিট ও অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়েছে। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে’।
আরও পড়ুন: এক ডাক্তার নিরুদ্দেশ আড়াই বছর, কর্মস্থলে না থেকেও বেতন নিচ্ছেন ১১ ডাক্তার
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম জানান, ‘মা ও মেয়েকে কুপিয়ে আহত করার বিষয়টি খোঁজ নেবো। লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে’।
ইত্তেফাক/অনি
