রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের বিরুদ্ধে সিটি মেয়রের মামলা

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২৩:০১

সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর, মিথ্যা, বানোয়াট তথ্য পোস্ট করার অভিযোগ এনে এক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন রংপুরের সিটি মেয়র। গত শনিবার রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় তিনি এই মামলা করেন। অভিযুক্ত সাংবাদিক একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জ্যেষ্ঠ প্রতিবেদক ও রংপুর ব্যুরো প্রধান মমিনুর রহমান সরকার রতন।

পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ জানান, ‘সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারায় অভিযোগ করেছেন।’ পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১১টায় সিটি কাউন্সিলর ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে থানায় মামলা করতে যান সিটি মেয়র। এ সময় তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ ফারুক আলম, প্যানেল মেয়র সামসুল ইসলাম ও মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর তৌহিদুর রহমান, মাহবুবুর রহমান মনজু, রহমতুল্লাহ বাবলা, সেকেন্দার আলী, লাইকো, আব্দুল গাফ্ফার, ফুলু, ফেরদৌসি বেগম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর  মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ।