ভারতে একদিনে শনাক্ত রেকর্ড সাড়ে ৩ লাখ ছাড়ালো, মৃত্যু ২৮৯১

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১০:৪০

করোনা মহামারির প্রভাবে ভারতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। প্রতিদিনই শনাক্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮৯১ জন। আজ সোমবার (২৬ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনের ব্যবধানে আরো ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা এযাবৎকালে ভারতের একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। একই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৯১ জনের। এ নিয়ে দেশটিতে টানা পঞ্চমদিনের মতো তিন লাখের বেশি শনাক্ত দেখা গেলো। আর গত ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ১০ লাখ শনাক্ত।

এদিকে, নিজ দেশের করোনা ভয়াবহতার কথা স্বীকার করে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রবিবার দেশের সমস্ত নাগরিককে টিকা দেওয়া ও সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়ে বলেছেন যে করোনা সংক্রমণের “ঝড়” দেশকে নাড়া দিয়েছে।

উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, করোনার বিরুদ্ধে লড়াই করতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। ভারতকে সবরকম সাহায্যের চেষ্টা করছে ওয়াশিংটন।

ইত্তেফাক/টিএ