আদালতে নেওয়া হয়েছে হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক। সোমবার (২৬ এপ্রিল) রাজধানীর পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করেছে পুলিশ।
জানা যায়, আজ সাতদিনের রিমান্ড শেষ হচ্ছে মামুনুল হকের। রিমান্ড শেষে পরবর্তী জিজ্ঞসাবাদের জন্য সকালেই তাকে আবারও আদালতে হাজির করলো পুলিশ। রাজধানীর মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মাওলানা মামুনুল হকের ২০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এই দুই মামলায় প্রথমে তাকে গ্রেফতার দেখানো হবে। এরপর অনুষ্ঠিত হবে রিমান্ডের শুনানি।
এদিকে হেফাজত নেতা মামুনুলকে আদালতে নেওয়াকে কেন্দ্র করে পুরান ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আশপাশের এলাকা ঘিরে সাধারণ লোকজনের চলাফেরা নজরদারি ও তল্লাশি করা হচ্ছে। আদালতে আইনজীবী ও বিচারপ্রার্থীদেরও তল্লাশির আওতায় রাখা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি
