করোনা আতঙ্ক ছড়ায়, এমন পোস্ট শেয়ার দেওয়ায় টুইটারের ওপর ক্ষেপেছে ভারত

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৫:৩৪

ভারতে করোনা মহামারির উর্ধ্বমুখী সংক্রমণের প্রভাবে সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক পোস্ট শেয়ার হচ্ছে। দেশটিতে ভাইরাসটির প্রভাব যে কতটা ভয়াবহ আকারে ছড়িয়ে পরেছে সেটাই পোস্টগুলোর মধ্য দিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পরছে। এমতাবস্থার মধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে টুইটার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কোভিড-১৯ সংশ্লিষ্ট পোস্টগুলো সরিয়ে নেয়। আজ সোমবার (২৬ এপ্রিল) এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

টুইটারের একজন মূখপাত্র নিশ্চিত করেছেন যে, ইতিমধ্যে ভারতের করোনা পরিস্থিতি সংশ্লিষ্ট কিছু পোস্ট তারা সরিয়ে নিয়েছে। অবশ্য কোনগুলো সরানো হয়েছে সে ব্যাপারে নির্দিস্ট করে কোনো তথ্য জানাননি। এদিকে, ভারত সরকারের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছেন দেশটির নাগরিকরা। এ নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

জরুরি ভিত্তিতে কোভিড-১৯ সংশ্লিষ্ট বিভিন্ন পোস্টে সেন্সর দিতে টুইটার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারত সরকার। এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমটি স্পষ্টভাবে কিছু না বললেও বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গেছে, করোনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধির জন্য সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দোষারোপ করে একটি টুইট করেছিলেন পশ্চিমবঙ্গের একজন রাজনৈতিক নেতা। আরেকটি টুইটে এক অভিনেতা মোদির সমালোচনা করে বলেন, ভাইরাসটির উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও তিনি নির্বাচনী র্যালি করেছেন। সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

টুইটার জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে বৈধ আইনি অনুরোধ পাওয়ার পর তারা কন্টেন্টগুলো খতিয়ে দেখছে। যদি কোনো পোস্ট নির্দিষ্ট উদ্দেশে অবৈধ হওয়ার উপক্রম হয় এবং টুইটারের নীতি ভঙ্গ করে তাহলে ভারত থেকে সেই কন্টেন্ট সরিয়ে নেওয়া হচ্ছে।

 

New mask launched by the System. pic.twitter.com/d86t14kwsQ

— Kajol Srinivasan (@LOLrakshak) April 25, 2021

 

ক্ষমতাসীন বিজেপির জাতীয় মুখপাত্র গোপাল আগারওয়াল বিবিসিকে বলেন, দেশের পক্ষে ক্ষতির কারণ হতে পারে এমন ভুয়া সংবাদ আমরা গ্রহণ করতে পারি না। তাছাড়া এই ধরনের সংবাদগুলো জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিতে পারে।

এদিকে, সরকারের এমন সিদ্ধান্তের পর থেকেই টুইটারে ভারতীয় ব্যাপক সমালোচনায় মেতে উঠেছেন। তারা বলছেন, দেশ যখন ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন তখন সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে বরং সেন্সরশীপের দিকে নজর দিচ্ছে।

এদিকে, করোনা মহামারির প্রভাবে ভারতে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। প্রতিদিনই শনাক্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮৯১ জন। এ নিয়ে দেশটিতে টানা পঞ্চমদিনের মতো তিন লাখের বেশি শনাক্ত দেখা গেলো। আর গত ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ১০ লাখ শনাক্ত।

ইত্তেফাক/টিএ