ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, গ্রেফতার ২

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৮:১৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে নীতিবাচক ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং সরকার বিরোধী কর্মকাণ্ড উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট ও শেয়ার করায় চট্টগ্রামের সাতকানিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত রবিবার দুপুরে সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- সোনাকানিয়া ইউনিয়নের মঞ্জিলের দরগার চর টেন্ডল পাড়ার আক্কাস সওদাগরের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) ও তার ছোট ভাই মো. শাহাদাত হোসেন (২৩)।

এ ঘটনায় রবিবার রাতে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বাদি হয়ে দুই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, সরকারের কর্মকাণ্ড নিয়ে মানহানিকর, কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক মন্তব্য এবং সরকার বিরোধী উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট ও শেয়ার করার বিষয়ে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের ফেসবুক স্ট্যাটাস এবং মোবাইল ফোন পর্যালোচনা করে অভিযোগের বিষয়ে সত্যতা যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। তাদেরকে আজ সোমবার আদালতে হাজির করা হবে।

ইত্তেফাক/এমএএম