রাঙ্গামাটি প্রতিনিধি
পহেলা মে দিবাগত রাত থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের অফিসকক্ষে কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি ও নিশ্চিতকরণবিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, সদর নৌ পুলিশ অফিসার মো. রাসেল মিয়া, জেলা মত্স্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র, মত্স্য গবেষণা ইনস্টিটিউটের গবেষক ড. আজহার আলী, রাঙ্গামাটি মত্স্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক উদয়ন বড়ায়াসহ মাছ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন মত্স্য আহরণের ওপর নির্ভরশীল প্রায় ২২ হাজার ২৫০ জন জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যসহায়তা দেওয়া হবে। তিনি আরো বলেন, অবৈধ উপায়ে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌপুলিশ মোতায়েন করা হবে। হ্রদে অবৈধ উপায়ে মাছ শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
