ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৪১

জয়পুরহাট প্রতিনিধি

সদরের কোমরগ্রাম পশ্চিমপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার সকালে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ ছেলেকে গ্রেফতার করেছে।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, কোমরগ্রাম পশ্চিমপাড়া গ্রামে রবিবার ইফতারের আগে বাড়ির উঠানে চুলা থেকে ছাই তোলা নিয়ে শাশুড়ি ছুফিয়া বেগম ও ছেলের বৌ মেনুকা বেগমের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছেলে উজ্জ্বল চৌধুরী রাগান্বিত হয়ে মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে। গুরুতর আহত মাকে স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে ছুফিয়া বেগমের মৃত্যু হয়। ছেলে উজ্জ্বল চৌধুরী পালানোর চেষ্টা করলে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের শালবন এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে বলে জানান জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।  এ ব্যাপারে নিহতের ভাই মুজিবর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।