ইত্তেফাক রিপোর্ট
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। গত রবিবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সফরকালে বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক-এর সমাধি পরিদর্শন করেন এবং সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি তুর্কি এয়ার ফোর্সের কমান্ডার জেনারেল হাসান ছাড়াও আরো কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ এবং পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও, তিনি এয়ার কমব্যাট ফোর্স কমান্ডার এবং কমান্ডার অব এয়ারফোর্স অ্যাকাডেমিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিষয়ে আলোচনা করেন। সফরকালে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান সে দেশের বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি, বিমানবাহিনী একাডেমি, সামরিক জাদুঘর, এভিয়েশন মিউজিয়ামসহ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
