ভোলায় গৃহবধূ ধর্ষণ আসামিকে জামিন দেয়নি হাইকোর্ট

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৪৪

ইত্তেফাক রিপোর্ট

ভোলার মনপুরার চরপিয়ালে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার আসামি বেলাল পাটোয়ারীকে জামিন দেয়নি হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আসামির জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান শুনানি করেন।

২০১৯ সালের ২৬ অক্টোবর চরফ্যাশন উপজেলায় বাবার বাড়ি থেকে আড়াই বছরের সন্তানকে সঙ্গে নিয়ে এক নারী বেতুয়াঘাট থেকে স্পিডবোটে করে মনপুরার জনতাবাজার যাচ্ছিলেন। পথে চার যাত্রী তাকে চরপিয়াল নামে এক চরে নামিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ছয় জনকে আসামি করে মনপুরা থানায় একটি মামলা করেন। এ মামলায় পুলিশ তদন্ত শেষে গত বছরের ২৯ ফেব্রুয়ারি বেলাল পাটোয়ারীসহ ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পর হাইকোর্টে জামিন চায় আসামি। শুনানি শেষে হাইকোর্ট জামিন আবেদন খারিজ করে দেয়।