বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআইয়ের পরিচালক হলেন ৭৮ জন

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৪৪

সভাপতি হতে যাচ্ছেন জসিম উদ্দিন

ইত্তেফাক রিপোর্ট

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল চার প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে যেসংখ্যক পরিচালক নির্বাচিত হবেন (২৩ জন করে ৪৬ জন), তার বাইরে বাড়তি কোনো প্রার্থী থাকছেন না। ফলে আগামী ৫ মে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেম্বার ও অ্যাসোসিয়েশনের দুই গ্রুপ থেকে মোট ৪৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। মোট ৭৮ পরিচালক পদের বাদবাকি ৩২ পরিচালক মনোনীত। অর্থাত্, নির্বাচন ছাড়াই ৭৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া এবার সভাপতি হচ্ছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তার বিপরীতে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। আগামী ৭ মে সভাপতি নির্বাচিত করা হবে। নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী দুই বছরের জন্য জসিম উদ্দিনের নেতৃত্বে এ পরিষদ দায়িত্ব নেবে। এর আগে গত ২১ এপ্রিল এফবিসিসিআইয়ের ২০২১-২৩ মেয়াদের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আশরাফসহ নির্বাচন বোর্ডের সদস্যদের স্বাক্ষরিত ৮২ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

৮০টি পরিচালক পদের জন্য বৈধ প্রার্থী ছিলেন ৮২ জন। তাদের মধ্যে চার জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বৈধ ৭৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সূত্র জানায়, মনোনীত পরিচালক পদে চেম্বার গ্রুপে ১৭টি ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৭টি পদের বিপরীতে ১৬ জন করে মোট ৩২ জন প্রার্থী হয়েছিলেন। আর ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার জন্য চেম্বার গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৫ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পদের বিপরীতে ২৫ জন প্রার্থী হয়েছিলেন। গতকাল চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে বাড়তি দুই জন করে মনোনয়ন প্রত্যাহার করায় আর নির্বাচনের প্রয়োজন হচ্ছে না।

এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ছাড়াও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মনোনীত পরিচালক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মজুমদার, সৈয়দ সাদাত আলমাস কবির, এস এম সফিউজ্জামান, মো. আমিন উল্লাহ, আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, এ কে এম সেলিম ওসমান, ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, এ কে এম মনিরুল হক, মোহাম্মাদ মাহবুবুর রহমান পাটোয়ারী, আবু হোসাইন ভুঁইয়া রানা, খন্দকার এনায়েত উল্লা, মোহাম্মদ আলী খোকন, মুনির হোসেন, আলমগীর, শামসুল, আলামিন কাজল এবং কে এম আখতারুজ্জামান।

 অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন—রব্বানী জব্বার, খন্দকার মইনুর রহমান জুয়েল, জামাল উদ্দিন, মুনতাকিম আশরাফ, মীর নিজাম উদ্দিন আহমেদ, রাশেদুল হোসান চৌধুরী রনি, এম জি আর নাসির মজুমদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এম এ মোমেন, হাবিব উল্লাহ ডন, শফিকুল ইসলাম ভরসা, আমিন হেলালী, হাফেজ হারুন, আবু মোতালেব, ড. ফেরদৌসী বেগম, আমজাদ হোসেন, নিজাম উদ্দিন রাজেশ, আসলাম সেরনিয়াবাত, ড. কাজী এরতেজা হাসান, শাহিন আহমেদ, শমী কায়সার, আবু নাসের ও ড. নাদিয়া বিনতে আমিন।

অন্যদিকে চেম্বার গ্রুপ থেকে মনোনীত পরিচালক হলেন—যশোদা জীবন দেবনাথ, প্রীতি চক্রবর্ত্তী, সেরনিয়াবাত মঈনউদ্দিন আব্দুল্লাহ, নিজাম উদ্দিন, মোহাম্মদ নুরুন নেওয়াজ, এ এম মাহবুব চৌধুরী, ডা. মুনাল মাহবুব, আবুল কাশেম খান, নাজ ফারহানা আহমেদ, কাজী আমিনুল হক, সাইফুল ইসলাম, আমিনুল হক শামীম, মো. শামসুজ্জামান, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রেজাউল ইসলাম মিলন ও তাহমিন আহমেদ। চেম্বার গ্রুপ থেকে ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন—হাসিনা নেওয়াজ, মাসুদুর রহমান মিলন, দিলীপ কুমার আগরওয়ালা, মাসুদ পারভেজ খান ইমরান, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, রেজাউল করিম রেজনু, গাজী  গোলাম আশরিয়া, গোলাম মোহাম্মদ, বিজয় কুমার কেজরিওয়াল, সজীব রঞ্জন দাস, মো. ইকবাল শাহরিয়ার, আলী হোসেন, শাহ জালাল, মোহাম্মদ বজলুর রহমান, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, মোহাম্মদ রিয়াদ আলী, খায়রুল হুদা চপল, খান আহমেদ শুভ, মুতাসিরুল ইসলাম, এস এম জাহাঙ্গীর আলম মানিক, এম এ রাজ্জাক খান, হুমায়ুন রশিদ খান পাঠান রুমেন ও সালাউদ্দিন আলমগীর।