বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা রাহীর পাশে মুমিনুল

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

গত কয়েকবছরে টেস্টে বাংলাদেশের পেস আক্রমণের মূল ভরসা আবু জায়েদ রাহী। টেস্টে সময়ের সেরা পেসার তিনি। গতি খুব বেশি না হলেও নিয়ন্ত্রণ, দুই দিকে সুইং করানোর ক্ষমতা থাকায় সাদা পোশাকে বেশ কার্যকর সিলেটের এ তরুণ। লম্বা স্পেলে বোলিং করতে পারেন তিনি। ১১ টেস্টের ক্যারিয়ারে ৩০ উইকেট পাওয়া রাহী সবার আস্থা অর্জন করেছেন।

কিন্তু ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টে একেবারেই নিষ্প্রভ ছিলেন ডানহাতি এ পেসার। পাল্লেকেলে ব্যাটিং সহায়ক উইকেটে ১৯ ওভার বোলিং করে ৭৬ রান দিলেও উইকেটের দেখা পাননি রাহী। বল হাতে প্রত্যাশিত রূপে তাকে পায়নি বাংলাদেশ দল। বোলিংয়ে ছন্দ পাচ্ছিলেন না বলেই তার চেয়ে বেশি ব্যবহার করা হয়েছে তাসকিন, এবাদতকে।

সবার মনেই প্রশ্ন জেগেছে, কী হয়েছে রাহীর? ইনজুরি নাকি অন্যকিছু। গতকাল বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানালেন, সুস্থই আছেন রাহী। কোনো ধরনের ইনজুরি নেই। একটা বাজে ম্যাচ কেটেছে এ পেসারের।

প্রথম টেস্টে রাহীর নির্বিষ বোলিং নিয়ে গতকাল ক্যান্ডি থেকে মুমিনুল বলেছেন, ‘রাহী এখনো টেস্টে আমাদের সেরা পেসার। একটা ম্যাচ খারাপ যেতেই পারে। ক্রিকেটে একদিন ভালো হবে, আরেকদিন খারাপ হবে। সবসময় তো ভালো হবে না।’

উইকেটে পেসারদের জন্য একটু সাহায্য থাকলে রাহী হুমকি হতে পারতেন লঙ্কান ব্যাটসম্যানদের জন্য, মুমিনুল এমনটাই বিশ্বাস করেন। প্রথম টেস্ট খারাপ হলেও ২৭ বছর বয়সি এ পেসার পাশে পাচ্ছেন অধিনায়ককে। তিনি বলেছেন, ‘রাহী চেষ্টা করেছে, উইকেট আসলে খুব কঠিন ছিল পেসারদের জন্য। উইকেটে কিছুই ছিল না পেসারদের জন্য। ও এই ম্যাচ থেকে শিখতে পারবে। আশা করি পরের ম্যাচে ঠিক হয়ে যাবে।’

দেশের মাটিতে উইন্ডিজদের কাছে দুই ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্র বাংলাদেশ দলে আত্মবিশ্বাস ফিরিয়েছে। টানা পাঁচ দিন লড়াইয়ের পর গতকাল বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। আজ আবার অনুশীলনে সফরকারীরা।

গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘দলের সবাই ভালো আছে। আজ (গতকাল) বিশ্রামে ছিল সবাই। কাল (আজ) অনুশীলন হবে।’

শ্রীলঙ্কায় গিয়ে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। আজ অনুশীলনের পর দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচক বলেছেন, ‘কাল (আজ) অনুশীলনে যাই, দেখি। তারপর দল দেওয়া হবে।’