ক্যান্ডিতে প্রথম টেস্টের পঞ্চম দিনের লাঞ্চের পর দ্বিতীয় ইনিংসের শুরুতে বাংলাদেশকে তামিম ইকবাল একাই টেনেছেন। বিশ্ব ফার্নান্দোর ওভারে মারা তিন চারে তামিম পূর্ণ করেন ক্যারিয়ারের ৩০তম হাফ সেঞ্চুরি। তখন বাংলাদেশের স্কোর ৫২।
যার মাধ্যমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত হাফ সেঞ্চুরির সময় দলের সবচেয়ে কম রানের রেকর্ড নিজের করে নিয়েছেন তামিম।
এর আগে যৌথভাবে অস্ট্রেলিয়ার জন লায়ন্স ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ছিলেন এই রেকর্ডের মালিক ছিলেন। ১৮৯০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের প্রথম টেস্টে লর্ডসে ওপেনার জন লায়ন্স যখন হাফ সেঞ্চুরি করেন, তখন অস্ট্রেলিয়ার রান ছিল ৫৫। পরে ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিনিদাদে গেইলের হাফ সেঞ্চুরির সময় ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৫৫।
পাল্লেকেলে স্টেডিয়ামে গত রবিবার দুই জনকেই টপকে গেছেন তামিম। ম্যাচের প্রথম ইনিংসে ৯০ রান করে সেঞ্চুরি বঞ্চিত হন এ বাঁহাতি ওপেনার। রেকর্ড গড়া দ্বিতীয় ইনিংসেও বৃষ্টির বাধায় সেঞ্চুরি পাননি তিনি। অপরাজিত ছিলেন ৭৪ রানে।
