ইত্তেফাক রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ প্রেসিডিয়াম সদস্য আলহাজ আবদুস সামাদ আজাদের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের এই দিন সন্ধ্যায় রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালনে ঢাকাসহ তার নির্বাচনি এলাকা সুনামগঞ্জ ও সিলেটে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে বেলা ১২টায় আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী কবরস্থানে মরহুম আবদুস সামাদ আজাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া বাদ জোহর পরিবারের পক্ষ থেকে মরহুমের কলাবাগানস্থ বাসভবনে (৮৩, লেকসার্কাস, কলাবাগান) কোরানখানি এবং বাদ আসর দোয়া মাহফিল এবং মোনাজাত অনুষ্ঠিত হবে।
আবদুস সামাদ আজাদ ১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুরাখালি গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৪৬ সালে একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন এবং আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নিযুক্ত হন। ১৯৭০ এর নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে এমএনএ নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকদের একজন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ মন্ত্রিসভায় সফল পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।
