হেফাজতে ইসলাম কর্তৃক বিক্ষোভ ও হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ব্যাপক ভাঙচুর ও সহিংসতা চালানোর অভিযোগে হেফাজতের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি জাকারিয়া খান (৪৩)কে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ টিম। গ্রেফতারকৃত মুফতি জাকারিয়া খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সরকার উত্খাতের সূদুরপ্রসারি পরিকল্পনার অংশ হিসেবে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসাসহ আশপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষককে নিয়ে ব্যাপক তাণ্ডবলীলা চালায়। এ সময় সে এবং তার সিনিয়র মুরুব্বিদের প্রত্যক্ষ নির্দেশে হেফাজতের ছাত্র শিক্ষকরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডব চালায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আরো ৯ জন হেফাজত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৫৫টি মামলায় ৩৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়েছে।
