বেনাপোল ও পেট্রাপোল চেকপোস্টে আটকা পড়েছে শত শত যাত্রী

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২২:৪৪

দেশ স্বাধীনের পর এই দ্বিতীয় দফায় ভারতের সঙ্গে বন্ধ হয়ে গেছে পাসপোর্ট  যাত্রীদের যাতায়াত। ভারতে কোভিড-১৯ পরিস্থিতি  ভয়াবহ আকার ধারণ করায় বেনাপোল চেকপোস্ট সিলগালা করা হয়েছে। গতকাল ১৪ দিনের লকডাউন ঘোষণার পরপরই দুই দেশে আটকে পড়া যাত্রীরা দলবেঁধে ছুটতে থাকে সীমান্তের দিকে। সকালে  বাংলাদেশ সীমান্তে আটকে পড়েন ছয় মেডিক্যাল ছাত্রসহ  প্রায় ৬০ জন ভারতীয় নাগরিক। অন্যদিকে, ভারতের পেট্রাপোল সীমান্তে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় প্রায় ২০০ বাংলাদেশি যাত্রী  আটকা পড়ে আছেন। আটকে পড়া যাত্রীদের অধিকাংশ মেডিক্যাল ভিসা নিয়ে চিকিত্সার জন্য ভারতে গিয়েছিলেন। আটকা পড়া যাত্রীদের এক জন মনির হোসেন মুঠোফোনে  জানান, তিনি ১০ বছরের শিশু বাচ্চাকে নিয়ে হার্টের চিকিত্সার  জন্য চেন্নাই গিয়েছিলেন। অপারেশন শেষে গতকাল সোমবার  ভোরে পেট্রাপোলে পৌঁছে লকডাউনের খবর পেয়েছে। তাদের হাতে বাড়তি কোনো টাকাও নেই। ওপারের একটি সূত্র জানায়, প্রচণ্ড গরমের মধ্যে আটকে পড়া যাত্রীরা না খেয়ে আছেন। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ  বাংলাদেশীদের ফেরত পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, আটকে পড়া যাত্রীদের দেশে ফেরত নেওয়ার ব্যাপারে সকাল থেকে নতুন কোনো নির্দেশনা পায়নি। তবে ভারতীয় ছাত্রদের ব্যাপারে নির্দেশনা আসতে পারে।

এদিকে বেলা ১২টার দিকে কোলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের অফিস সহকারী সাদিয়া শারমিন বদলি জনিত কারণে বিশেষ ছাড়পত্র নিয়ে পরিবার-পরিজনসহ বাংলাদেশে প্রবেশ করলে ইমিগ্রেশন তাদের প্রবেশের অনুমতি দেয়।