বাংলাদেশে আরো ৯৭ জনের মৃত্যু অধিকাংশই ঢাকায়

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২২:৫৯

দেশে করোনা ভাইরাসে গত এক দিনে ৯৭ জনের মৃত্যু এবং ৩ হাজার ৩০৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১১ হাজার ১৫০ জন এবং সংক্রমিত ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জন। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরো ৪ হাজার ২৪১ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫০টি ল্যাবে ২৫ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৩ লাখ ৭১ হাজার ২৮৭টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৭৪ হাজার ৮৪৭টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৪৪০টি।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৬১ জন পুরুষ আর নারী ৩৬ জন। তাদের ৪৯ জন সরকারি হাসপাতালে, ৪৪ জন বেসরকারি হাসপাতালে মারা যান। বাসায় মারা যান তিন জন আর এক জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ৫৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১০ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, চার জনের বয়স ৩১ থেকে ৪০ বছর, দুই জনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং এক জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ৬৩ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, চার জন রাজশাহী বিভাগের, ছয় জন খুলনা বিভাগের, তিন জন বরিশাল বিভাগের, ছয় জন সিলেট বিভাগের, দুই জন রংপুর বিভাগের এবং এক জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ১১ হাজার ১৫০ জনের মধ্যে ৮ হাজার ১৮১ জনই পুরুষ এবং ২ হাজার ৯৬৯ জন নারী।