অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ ইইউ’র

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২৩:৪৮

করোনা ভ্যাকসিন উৎপাদনকারী ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। সোমবার (২৬ এপ্রিল) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইইউ’র নির্বাহী বিভাগ ইউরোপীয়ান কমিশন জানিয়েছে, তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিকে সম্মান না জানানো ছাড়াও সময়মতো টিকা সরবরাহের ক্ষেত্রে আস্থা রাখার মতো পরিকল্পনা নিশ্চিত করতে না পারার কারণে তারা কোম্পানিটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে।

টিকা নিয়ে ইইউ-অ্যাস্ট্রাজেনেকার মধ্যে দীর্ঘদিনের যে টানাপোড়েন চলছে, এর মধ্য দিয়ে তা আদালত পর্যন্ত গড়াতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী টিকা না পাওয়ায় সদস্যদেশগুলোতে টিকাদান কর্মসূচির ধীরগতি নিয়ে সমালোচনার মুখে পড়েছে ইইউ। জোটের অনেকে দাবি করছে, টিকার ক্ষেত্রে যুক্তরাজ্যকে অগ্রাধিকার দিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। কিন্তু কোম্পানিটি এ অভিযোগ অস্বীকার করেছে।   

ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ইইউকে ৩০ কোটি ডোজ টিকা দেওয়ার চুক্তি করেছিল অ্যাস্ট্রাজেনেকা। চুক্তির শর্তমতে, এপ্রিল-জুন প্রান্তিকে ১৮ কোটি ডোজ দেওয়ার কথা। তবে কোম্পানিটি জোটকে দেওয়া প্রতিশ্রুতির এক-তৃতীয়াংশ টিকা সরবরাহের কথা জানিয়েছে।

ইত্তেফাক/এসএ