কুমিল্লায় নুরের বিরুদ্ধে দুই মামলা

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০০:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে কুমিল্লার পৃথক থানায় দুটি মামলা হয়েছে। ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আওয়ামী লীগকে কটাক্ষ করে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে জেলার মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানায় রবিবার রাতে মামলা দুটি দায়ের করা হয়। গতকাল সোমবার দুপুরে মুরাদনগর থানার ওসি মো. সাদেকুর রহমান ও বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলাটি দায়ের করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও নবীপুর পশ্চিম ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের মৃত মনু মিয়া সরকারের ছেলে সেলিম সরকার এবং বাঙ্গরা বাজার থানার মামলাটি দায়ের করেন থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ও গাজীপুর গ্রামের মনিরুল হকের ছেলে রাসেল মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘গত বুধবার বিকালে ফেসবুক লাইভে এসে নুরুল হক নূর বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্দাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার—এই ধরনের মুসলমান। এদের কোনো ইমান নাই।’