ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০০:১৯

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী প্রাইভেটকার থামিয়ে চাঁদা আদায়কালে চার পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১১ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পরিবহন থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ৩৫৫ টাকা র্যাব জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলো প্রকাশ চন্দ্র দাস, আকাশ চন্দ্র দাস, আলমগীর হোসেন এবং মো. হাবিবুর রহমান।

র্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতারকৃতরা যাত্রীবাহী প্রাইভেটকার ও মাইক্রোবাসের চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক প্রাইভেটকার ও মাইক্রোবাস প্রতি দৈনিক ৮০ থেকে ১০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।  কয়েক জন ভুক্তভোগী প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার ৩৫৫ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।