দ. কোরিয়ার দোকানে চুরি করে ধরা খেলেন দুই পাকিস্তানি কূটনীতিক

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৩:২৩

পেশায় কূটনীতিক। দায়িত্ব পালন করছেন অন্যদেশে। সেখানে স্বভাবতই তারা দেশর ভাবমূর্তি উজ্জ্বল ও স্বার্থ রক্ষার বিষয়টি খেয়াল রাখবেন। কিন্তু সেসব বাদ দিয়ে যদি ছিচকে চুরি করে ধরা খান তাহলে বিষয়টি কেমন গিয়ে দাঁড়ায়?

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে জানা যায়, ঘটনাটি দক্ষিণ কোরিয়ায় ঘটেছে। সেখানকার একটি সুপার শপ থেকে চকলেট আর হ্যাট চুরি করে ধরা খেয়েছেন দুই পাকিস্তানি কূটনীতিক। সিউলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের দুই কূটনীতিককে চিহ্নিত করেছে স্থানীয় পুলিশ।

সিউলের ইয়ংশান ডিস্ট্রিক্টের স্টোর থেকে যেসব মালামাল তারা চুরি করেছেন তার মূল্য মাত্র ১১ দশমিক ৭০ মার্কিন ডলার বা প্রায় ১ হাজার বাংলাদেশি টাকা।

পুলিশ জানায়, রাজধানী সিউলের একটি সুপার শপ থেকে পৃথক দিনে দুটি চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ঘটনায় জড়িত হিসেবে দুই ব্যক্তি শনাক্ত হয়েছেন। তারা রাজধানী সিউলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কূটনীতিক।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানি দুই কূটনীতিকের মধ্যে একজন দশ ডলারের একটি টুপি (হ্যাট) চুরি করেছেন। অন্যদিন অপর এক পাকিস্তানি কূটনীতিক চুরি করেছেন ১ দশমিক ৭০ ডলারের একটি চকলেট।

ইত্তেফাক/টিআর