মুলাদী (বরিশাল) সংবাদদাতা
খননের অভাবে মুলাদী উপজেলায় গলইভাঙ্গা খাল ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। এক সময় উত্তরাঞ্চলের সঙ্গে মুলাদী সদরের নৌ-চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম এ খালটি ভরাট হওয়ায় বর্তমানে নৌ-যোগাযোগ বন্ধের পথে। এছাড়া শুকনো মৌসুমে পানির অভাবে কয়েক হেক্টর জমিতে ফসল উত্পাদন ব্যাহত হচ্ছে। কৃষক জাফর আলী জানান, খালে পর্যাপ্ত পানি না থাকার কারণে জমিতে ইরিধান চাষ করা সম্ভব হয়নি। উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ জানান, বিগত কয়েক বছরে খালটি ভরাট হয়ে এর গভীরতা অর্ধেক হয়ে গেছে। এভাবে চলতে থাকলে অচিরেই খালটি বিলুপ্ত হয়ে যাবে।
