চাঁপাইনবাবগঞ্জে গমের ভালো ফলন

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২১:১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আবহাওয়া অনুকূলে থাকায় চাঁপাইনবাবগঞ্জে এবার গমের ফলন ভালো হয়েছে। সেই সঙ্গে দাম ভালো থাকায় খুশি কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ২৪ হাজার ৮৮০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। কৃষক বকুল ও দুলাল উদ্দিন জানান, প্রতি বিঘা খেত চাষ করতে প্রায় ৫ হাজার টাকা খরচ হয়েছে। গড়ে ফলন হয়েছে প্রায় ২০ মণ। বর্তমানে বাজারে প্রতি মণ গম ১ হাজার ১২০ টাকায় বিক্রি হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, আবহাওয়া গম চাষের অনুকূলে থাকায় এবার গমের উত্পাদন ভালো হয়েছে।