রাজবাড়ীতে যুবককে গলা কেটে হত্যা

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২১:১৬

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকার মো. সুজন তালুকদার (৩০) নামের এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর রেললাইনসংলগ্ন ভাদালের মাঠে এ ঘটনা ঘটে। নিহত সুজন তালুকদার গঙ্গাপ্রসাদপুর এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে। এ সময় নিহতের দুই বন্ধু  রিমন ও একরামুলকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করে। একরামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিত্সকরা। আহত একরামুল ইসলাম বলেন, সোমবার ইফতার ও মাগরিবের নামাজ শেষে আমরা গঙ্গাপ্রসাদপুর রেললাইনের ওপর বসেছিলাম। হঠাত্ সাত/আট জন দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে এসে আমাদের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায়। নিহতের স্ত্রী সালমা বেগমের দাবি পূর্বশত্রুতার জেরে তার স্বামীকে হত্যা করা হয়েছে। এই সন্ত্রাসীরা এর আগেও তাদের বাড়িতে হামলা করেছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনার তদন্ত করছি। জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।