সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২১:১৬

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

গলাচিপা (পটুয়াখালী) :গলাচিপায় গাছের সঙ্গে ধাক্কা লেগে ভ্যান উলটে চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কালিকাপুর কালামের রিকশা গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ভ্যানচালক মোহম্মদ হানজালা গলাচিপা শহরের কলেজ পাড়ার টিনের আড়ত থেকে টিন বোঝাই করে ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে রতনদি তালতলী ইউনিয়নের বদনাতলী যাচ্ছিল। কালিকাপুর কালামের রিকশা গ্যারেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই হানজালার মৃত্যু ঘটে।

পলাশ (নরসিংদী) :পলাশে মঙ্গলবার সকাল ৮টার দিকে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ফজলুল হক মিঠুর মৃত্যু হয়েছে। নিহত ফজলুল হক মিঠু কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী এলাকার সমসের আলীর ছেলে। মোটরসাইকেল চালিয়ে নরসিংদী থেকে গাজীপুরে কর্মস্থলে যাওয়ার পথে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী সিএন্ডবি নামক স্থানে একটি ট্রাক মিঠুকে চাপা দিলে তার মৃত্যু হয়। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম জানান, লাশ থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্বধলা (নেত্রকোনা) :পূর্বধলায় সোমবার রাত ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক মারা গেছেন। শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার আতকাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পূর্বধলা থানার উপ-পরিদর্শক আতিকুল হক জানান, ঐ অজ্ঞাত যুবক বেশ কিছুদিন যাবত্ মানসিক ভারসাম্যহীন অবস্থায় এ এলাকায় ঘোরাফেরা করছিলেন। ধারণা করা হচ্ছে, দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে সে মারা গেছে। রাতেই তার লাশ উদ্ধার করা হয়েছে।