গফরগাঁওয়ে তিন মোটরসাইকেল চোর গ্রেফতার

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২১:১৭

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। এ সময় একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলো—মো. ইখলাছ মিয়া, মো. নীরব ও মো. তোফাজ্জল হক ওরফে মাইকন। গফরগাঁও থানার এসআই আব্দুল লতিফ জানান, থানায় দায়ের করা মোটরসাইকেল চুরি মামলার সূত্র ধরে প্রযুক্তি ব্যবহার করে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের এই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওসি অনুকূল সরকার বলেন, গ্রেফতারকৃতদের ময়মনসিংহ জেলা আদালতে পাঠানো হয়েছে।

তিন বিড়ি ব্যবসায়ীকে জরিমানা

গফরগাঁওয়ে তিনটি মনিহারি দোকানে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল এবং ব্যান্ডরোল বিহীন বিড়ি বিক্রি ও মজুত রাখার দায়ে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার শিবগঞ্জ বাজারের তিনটি দোকানে অবৈধ মোহিনী ও জনতা বিড়ি রাখার দায়ে এই জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায়। ভোক্তা অধিকার আইনে বাজারের ব্যবসায়ী সুশান্ত মোদককে ৭ হাজার টাকা,  বুলবুল স্টোরে ৫ হাজার টাকা ও তপন স্টোরে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়  নকল ব্যান্ডরোল এবং ব্যান্ডরোল বিহীন প্রায় ১৫ হাজার বিড়ি নষ্ট করার আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।