মধুখালীতে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম আটক ১

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২১:১৭

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মধুখালীর আড়পাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যাকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। তিনি বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিজে বাদী হয়ে সোমবার রাতে মধুখালী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ রাতেই প্রধান অভিযুক্ত টোপ শাহিনকে গ্রেফতার করে।

লিখিত এজাহার সূত্রে জানা যায়, আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান মোল্যার শারীরিক প্রতিবন্ধী ছেলে মো. খোকন মোল্যা ক্ষুদ্র ব্যবসায়ী। খোকনের দোকান থেকে টোপ শাহিন নিয়মিত বাকি ও নগদে পণ্য কিনতেন। সোমবার বিকালে শাহিনের কাছে বাকির টাকা চাইলে সে উত্তেজিত হয়ে দোকানের মালামাল ভাঙচুর করে। এ সময় খোকন মোল্যার বাবা মুজিবর রহমান মোল্যা এগিয়ে আসলে তাকে পিটিয়ে জখম করা হয়।

মধুখালী থানার পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। প্রধান আসামি টোপ শাহিনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।