সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২১:১৮

নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ

বরিশাল অফিস বরিশালে নিম্ন আয়ের মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার শহিদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ১ হাজার নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অসহায়দের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা ভাঙ্গায় অসহায়দের মধ্যে মঙ্গলবার পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহসিন ফকির।

কুদ্দুছ বয়াতির করোনা প্রতিরোধ বিষয়ক গান পরিবেশনা

নেত্রকোনা প্রতিনিধি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসন শিল্পীদের অংশগ্রহণে প্রচারণার কাজ শুরু করেছে। মঙ্গলবার নেত্রকোনা শিল্পকলা একাডেমির হলরুমে পালা গায়ক কুদ্দুছ বয়াতির করোনা প্রতিরোধ বিষয়ক গান পরিবেশনার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি কাজি মো. আবদুর রহমান।

নরসিংদীতে ১৮ জনের করোনা শনাক্ত

নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৭৪ জনে। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) করোনা পরীক্ষায় ১৩ জন ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় পাঁচ জন করোনা পজিটিভ শনাক্ত হয়।

কৃষক দলের মধ্যে কম্বাইন হারভেস্টার বিতরণ

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা ২০২০-২০২১ অর্থবছরে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কর্মসূচির কম্বাইন হারভেস্টার ঘোড়াঘাটের কৃষক দলের মধ্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট দিনাজপুরের বাস্তবায়নে কুলানন্দপুর সিআইজি কৃষক দলের মধ্যে এ কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।

ভিজিএফের নগদ টাকা বিতরণ উদ্বোধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরের ১৩টি ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফর নগদ টাকা বিতরণ কার্যক্রম মঙ্গলবার উদ্বোধন হয়েছে। ঐ কর্মসূচির আওতায় ১৭ হাজার ৫৯৯ জন অসহায় ও দুস্থদের মধ্যে নগদ ৭৯ লাখ ১৯ হাজার ৫৫০ টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চিলমারী প্রেসক্লাবের মাস্ক বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা করোনা থেকে সুরক্ষায় চিলমারী প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার দুই হাজার মানুষের মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে। চিলামারী প্রেসক্লাব কার্যালয়ের সামনে মাস্ক বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী সরকার বীরবিক্রম। এ সময় চিলামারী প্রেসক্লাবের উপদেষ্টা সভাপতি আবু হানিফা, সদস্য সচিব নীতেন্দ্রনাথ সরকার, কার্যনিবাহী কমিটির সভাপতি নজরুল ইসলাম সাবু প্রমুখ উপস্থিত ছিলেন।