নতুন মোড়কে বাজারে আসছে কেরুর হ্যান্ড সানিটাইজার

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২১:৪২

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির উত্পাদিত হ্যান্ড সানিটাইজারের চাহিদা বাড়ছে। শুরু থেকে মাত্র তিন মাসে কোটি টাকার ওপরে মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। চাহিদা বাড়ায় নতুন মোড়কে বাজার ও উত্পাদনে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) সেখ মো. সাহাব উদ্দিন গতকাল জানান, করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে দেশের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগ গত বছরের ২৩ মার্চ থেকে হ্যান্ড সানিটাইজার উত্পাদন শুরু করে। শুরু থেকে গত ২৬ এপ্রিল পর্যন্ত মোট উত্পাদন হয়েছে ৭০ হাজার ৫৫৮ লিটার। বিক্রি হয়েছে ৬৮হাজার লিটার। বাকি ২ হাজার ৫৫৮ লিটার মজুত রয়েছে। গত বছরের ২৩ মার্চ থেকে ৩০ জুন  পর্যন্ত তিন মাসে হ্যান্ড সানিটাইজার বিক্রি করে প্রতিষ্ঠানটি ১ কোটি ২ লাখ টাকা মুনাফা অর্জন করেছে। সে থেকে উত্পাদন ও বিক্রি অব্যাহত রয়েছে। তবে গত বছরের ৩০ জুন হতে আগামী জুন নাগাদ মোটা অঙ্কের মুনাফার আশা করছে কর্তৃপক্ষ। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো আবু সাইদ জানান, কেরুর উত্পাদিত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে, মানুষ স্থানীয় দোকান থেকে কেরুর সানিটাইজার কিনে নিয়ে যায়। উন্নত ও ভিন্ন পদ্ধতিতে উত্পাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনপ্রধান বিপণন কর্মকর্তা মাজহার উল হক খান বলেন, নতুন ব্যাচের হ্যান্ড সানিটাইজার উত্পাদনে ৫০ মিলি থেকে ১০০ মিলি লিটারের নতুন মোড়ক ব্যবহার করা হবে এবং বাজার বিপণনে গুরুত্ব দেওয়া হবে।