কমনওয়েলথ গেমস বাছাইপর্ব খেলতে হবে রুমানা-সালমাদের

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২২:১৬

কমনওয়েলথ গেমসে প্রথম বার ক্রিকেট ডিসিপ্লিন যোগ করা হয়েছিল ১৯৯৮ সালে। ওয়ানডে ফরম্যাটের প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকা পুরুষ দল স্বর্ণ জিতেছিল। দীর্ঘ বিরতির পর কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট। আগামী বছর (২২ জুলাই-৮ আগস্ট) ইংল্যান্ডে অনুষ্ঠেয় গেমসে নারী ক্রিকেটাররা খেলবেন। টি-২০ সংস্করণে অংশ নেবে আটটি দল।

প্রতিযোগিতায় সরাসরি খেলার সুযোগ পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে বাছাই পর্ব পার হয়ে খেলার সুযোগ পেতে পারেন রুমানা-সালমা খাতুনরা।  সম্প্রতি সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাওয়া দলগুলোর নাম ঘোষণা করেছে আইসিসি। যেখানে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা রয়েছে। চলতি বছরের ১ এপ্রিল পর্যন্ত টি-২০ র্যাংকিংয়ের ওপর ভিত্তি করে ছয়টি দল সরাসরি অংশ গ্রহণের সুযোগ পেয়েছে। র্যাংকিংয়ের ছয়ে থাকা ওয়েস্টইন্ডিজও সুযোগ পেয়েছে সরাসরি। এখন নিজেদের মধ্যে বাছাই টুর্নামেন্ট খেলে ক্যারিয়বিয়ান অঞ্চলের একটি দেশ সুযোগ পাবে।

অষ্টম দল নির্বাচন হবে বাছাই পর্বের মাধ্যমে। আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বাছাই টুর্নামেন্ট। যেখানে চ্যাম্পিয়ন দলই কমনওয়েলথ গেমসে অংশ নেবে। বাছাই পর্বে বাংলাদেশ নারী দলের সঙ্গী হবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের নারী দল। টি-২০ র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে।