প্রায় আট বছর আগে মিশরের একটি পুলিশ স্টেশনে হামলার মামলায় গত সোমবার ৯ আসামিকে ফাঁসি দেওয়া হয়েছে। তবে কয়েকটি মানবাধিকার সংগঠন এ সংখ্যাকে ১৭ জন বলে দাবি করেছে। খবর এপির
২০১৩ সালে কায়রোর কেরদাসা পুলিশ স্টেশনে হামলার ঘটনায় জড়িত ঐ আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিশরীয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এসব আসামি মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১৩ সালে কেরদাসা শহরের একটি পুলিশ স্টেশনে হামলা করেছিল বলে অভিযোগ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ১১ পুলিশসহ ১৫ জনকে হত্যা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগ আনা হয়। এসব আসামির মধ্যে অনেকেই মুসলিম ব্রাদারহুডের সদস্য বলে সন্দেহ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মিশরীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার দেশটির বেহেইরা অঞ্চলের ওয়াদি নাতরুন কারাগারে এসব আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
