গত এক দিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ হাজারের বেশি নতুন রোগী নিয়ে মোট শনাক্তের সংখ্যা সাড়ে ৭ লাখ ছাড়িয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জন হয়েছে। গত এক দিনে ৭৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২২৮ জনে দাঁড়াল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৫ হাজার ২৩৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫৮টি ল্যাবে ২৪ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৩ লাখ ৯৫ হাজার ৫২৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৯০ হাজার ৬৮৪টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১৪ লাখ ৪ হাজার ৮৪০টি।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৪৫ জন পুরুষ আর নারী ৩৩ জন। তাদের ৪৯ জন সরকারি হাসপাতালে, ২৭ জন বেসরকারি হাসপাতালে মারা যান। বাসায় মারা যান দুই জন। মৃতদের মধ্যে ৫৩ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, সাত জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ৫০ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, ছয় জন রাজশাহী বিভাগের, ছয় জন খুলনা বিভাগের, এক জন বরিশাল বিভাগের, তিন জন সিলেট বিভাগের এবং দুই জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
