৩০ রোহিঙ্গাসহ সাগরে বিকল জাহাজ উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২৩:৩৫

কক্সবাজারের টেকনাফের উপকূলের কাছে বঙ্গোপসাগরে কোস্ট গার্ড ও পুলিশ অভিযান চালিয়ে ৩০ জন রোহিঙ্গাসহ একটি বিকল জাহাজ উদ্ধার করেছে। জাহাজটি মালয়েশিয়ায় যাওয়ার সময় জলদস্যুর কবলে পড়ে। দস্যুরা যাত্রীদের সর্বস্ব কেড়ে নিয়ে জাহাজের ইঞ্জিন বিকল করে সেটিকে সাগরে ছেড়ে দেয়। উদ্ধারকৃতদের সংশ্লিষ্ট ক্যাম্পে প্রেরণের প্রক্রিয়া চলছে।

জানা যায়, মঙ্গলবার ভোরে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের লে. কমান্ডার মীর ইমরানুল ইসলাম, বাহারছড়া কোস্ট গার্ড আউটপোস্টের কন্টিনজেন্টস কমান্ডার শফিকুল ইসলাম এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা নুর মোহাম্মদ খবর পান- উপকূলবর্তী সাগরে ভাসমান একটি জাহাজে ২০ জন রোহিঙ্গা নারী ও কিশোরী, পাঁচ জন শিশু ও পাঁচ জন পুরুষ রয়েছে। এদের মধ্যে আব্দুল হাফেজ মাঝি নামে এক ব্যক্তি রয়েছে যাকে জিজ্ঞাসাবাদ করা গেলে মানব পাচারকারী চক্রের হোতাদের পরিচয় জানা যাবে। এরপর তারা তাদের বাহিনী নিয়ে সেখানে যান এবং রোহিঙ্গা যাত্রীসহ জাহাজটি উদ্ধার করেন।

উদ্ধারকৃতরা জানান, গত ২৫ এপ্রিল রাতে তারা মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন। যাত্রার বেশ কিছুক্ষণ পর সাগরে তারা জলদস্যুদের কবলে পড়েন। জলদস্যু দল তাদের টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুটে নিয়ে জাহাজের ইঞ্জিন বিকল করে দেয়। এরপর তারা সাগরে ভাসতে ভাসতে টেকনাফ উপকূলে পৌঁছলে কোস্ট গার্ড ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।