ফিনিক্স গ্রুপের চেয়ারম্যান ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি দ্বীন মোহাম্মদ আর নেই। গত সোমবার রাত ১টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। দেশের এই স্বনামধন্য ব্যবসায়ী স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর লালবাগ শাহী মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মসজিদের পাশেই তার মরদেহ দাফন করা হয়।
দ্বীন মোহাম্মদ ফিনিক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সময়ের সঙ্গে সঙ্গে তিনি তার উদ্যোক্তা সক্ষমতা বিকাশ করেন এবং বৃহত্তম ফিনিক্স গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ফিনিক্স ইনসিওরেন্স, ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, ফিনিক্স স্পিনিং মিলস লিমিটেড এবং ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড। দেশে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন এই শিল্পপতি। তিনি অ্যাপোলো ইস্পাতের স্বত্বাধিকারী এবং আবাসন প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপের অংশীদার।
খ্যাতিমান ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ সততা ও আন্তরিকতার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যে অবদান রেখে গেছেন। ১৯৩৮ সালের ৩ আগস্ট তার জন্ম। বাবা মরহুম হাজী নূর মোহাম্মদ। ১৯৬০ সালে ব্যাবসায়িক জীবন শুরু করেন। ঢাকার আদি ব্যবসায়ীদের অন্যতম হিসেবে তিনি পরিচিত। দেশের শিল্পায়ন ও অর্থনীতির বিকাশে দ্বীন মোহাম্মদ অগ্রণী ভূমিকা পালন করেছেন। ব্যাবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি দ্বীন মোহাম্মদ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
