ঢাকার জলাবদ্ধতা নিরসনে দখল সব খাল পুনরুদ্ধার করতে হবে —এলজিআরডি মন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০০:২২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধতা সমস্যা দূরীকরণের লক্ষ্যে অবৈধভাবে দখল হওয়া সব খালসমূহ পুনরুদ্ধার করে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীতে জলাবদ্ধতা নিরসন এবং ওয়াসার কাছ থেকে খাল হস্তান্তরের সময় সিটি করপোরেশনকে দেওয়া কর্মপরিকল্পনার অগ্রগতি এবং ‘কল্যাণপুর পাম্পের রিটেনশন পন্ড’-এর জন্য অধিগ্রহণকৃত জমি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

রিটেনশন পন্ডের জন্য নির্ধারিত জায়গা অবৈধ দখল হওয়ার কথা ঢাকা উত্তরের সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম মন্ত্রীকে অবহিত করলে মন্ত্রী বলেন, অবৈধ দখল করে যে কোনো অবকাঠামো নির্মাণ হোক এবং যেই করুক না কেন তা উচ্ছেদ করে ওয়াটার পন্ড নির্মাণ করার ব্যবস্থা নিতে হবে। উচ্ছেদ অভিযানকালে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শান্তিপ্রিয় জনগণের সহযোগিতা করে দখল নেওয়ার পরামর্শ দেন তিনি।

পরিদর্শনকালে উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।